এই ব্লগে আমি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে একটি সহজ ও সুন্দর রচনা লিখেছি। আশা করি আপনাদের পড়তে ভালো লাগবে।
বাংলাদেশের জাতীয় ফল : কাঁঠাল রচনা
উপস্থাপনা :
বাংলাদেশে বিভিন্ন জাতের ফল জন্মে এবং নানা ঋতুতে বিভিন্ন ধরনের ফলের উৎপাদন বেশি দেখা যায়। এর মধ্যে কাঁঠাল অন্যতম অর্থকরী ফল, যা আমাদের দেশের আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও, কাঁঠালকে জাতীয় ফল হিসেবে নির্বাচন করা হয়েছে, যা দেশের সাংস্কৃতিক ও প্রাকৃতিক পরিচয়ের অংশ।
আকৃতি ও উৎপত্তিস্থান :
কাঁঠাল আকৃতিতে সব ফলের চেয়ে বড়। পাঁচ কেজি থেকে ৪০ কেজি পর্যন্ত কাঁঠালের ওজন হতে দেখা যায়। কাঁঠালের গায়ে ছোট ছোট কাঁটার মত দাগ। এর রং সাধারণত হলদে। তবে ঈষৎ কালচে কিংবা মেটে রং-এরও হয়ে থাকে। কাঁঠাল উঁচু জমির ফল। যেখানে বর্ষার পানি উঠে না, তেমন জায়গায়ই কেবল কাঁঠাল গাছ জন্মে। বাংলাদেশের লালমাটির পাহাড়িয়া এলাকা কাঁঠাল উৎপাদনের জন্যে প্রসিদ্ধ ।
মৌসুম :
ফাল্গুন মাসের দিকে কাঁঠালের মুচি বের হয়। কাঁঠালের পুরো মৌসুম হলো বৈশাখ থেকে আষাঢ় মাস। এ সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রচুর কাঁঠাল দেখা যায়।
ব্যবহার:
কাঁঠালের ব্যবহার ও উপকারিতা অনেকগুণে বহুমুখী। কাঁঠালের কোনো অংশই অব্যবহৃত থাকে না। কাঁঠালের মাংস বা কোষ হলো পুষ্টিকর এবং স্বাদে উপাদেয় খাদ্য। এর বাইরের স্তর গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয় এবং এর বিচি থেকে সুস্বাদু তরকারি তৈরি করা যায়। কাঁচা কাঁঠাল তরকারি হিসেবে খাওয়া হয়, যা খুবই লোভনীয় ও পুষ্টিকর। এছাড়াও, পাকা কাঁঠালের রস থেকে নানা ধরনের পিঠা তৈরি করা হয়, যা বিশেষ করে জনপ্রিয়। দুধ-ভাত- কাঁঠালের সংমিশ্রণ এক ধরনের সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। কাঁঠালের গাছের কাঠ খুবই দামি এবং এর কাঠ থেকে তৈরি আসবাবপত্র দেখতে সুন্দর, ব্যবহারে আরামদায়ক ও টেকসই হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কাঁঠালের কাঠের আসবাবপত্র ব্যাপক জনপ্রিয়। সব মিলিয়ে কাঁঠাল গাছ কৃষকের জন্য একটি মূল্যবান সম্পদ।
উপসংহার :
যেহেতু কাঁঠাল একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল এবং কাঁঠালের কাঠ শক্ত ও দৃষ্টিনন্দন, তাই কাঁঠাল গাছের প্রতি আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে। অন্যান্য গাছপালার মতো দিন দিন কাঁঠাল গাছও হ্রাস পাচ্ছে এবং ধ্বংস হচ্ছে। তাই বাংলাদেশের উঁচু এলাকাগুলোতে পরিকল্পনামূলকভাবে কাঁঠালের চাষ বাড়ানোর জন্য সবার সচেষ্ট হওয়া জরুরি। এতে কাঁঠালের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদেরও উপকার হবে।
আমাদের ওয়েবসাইট StudyTika.com এ আরো অনেক রচনা পড়তে পারবেন। সবাই আমন্ত্রণ রইলো বেশি বেশি রচনা পড়ার জন্য।